Site icon nhnewz.in

মাতৃ ও শিশু সুরক্ষায় মহাবীর ইন্টারন্যাশনালের উদ্যোগ, সিভিল হাসপাতালে বেবি কিট ও স্যানিটারি প্যাড বিতরণ।

হাইলাকান্দি, ৩ জুনঃ সামাজিক সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মহাবীর ইন্টারন্যাশনাল হাইলাকান্দি কেন্দ্র বুধবার একটি বিশেষ মানবিক কর্মসূচি পালন করে। এদিন হাইলাকান্দি শহরের সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালের মাতৃ ও শিশু বিভাগে ভর্তি রোগীদের মধ্যে বিনামূল্যে বেবি কিট ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।

 

কেন্দ্রের বিশেষ ‘মাতৃত্ব প্রজেক্ট’-এর আওতায় মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এদিন হাসপাতালে ভর্তি ২৫ জন রোগীর হাতে প্রয়োজনীয় সামগ্রী সরাসরি তুলে দেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. দেবব্রত দত্ত, মহাবীর ইন্টারন্যাশনাল হাইলাকান্দি কেন্দ্রের চেয়ারম্যান গৌতম ঘোষ, ভাইস চেয়ারম্যান সঞ্জীব দেব, ক্লাব ডিরেক্টর অমিতাভ শর্মা, যুগ্ম সম্পাদক রাজেশ দাস, মৃগেন দেব, রিলেশনশিপ ডাইরেক্টর রাজীব নাগ, কোষাধ্যক্ষ পিন্টু দাস এবং দোলা মালাকার, মিঠুলাল চৌধুরী, দেবরাজ ঘোষ, সৌমিত্র রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. দেবব্রত দত্ত এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, নবজাতক শিশু ও প্রসূতি মায়েদের জন্য বেবি কিট এবং স্যানিটারি প্যাড অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় সামগ্রী। প্রতিদিনই হাসপাতালে ভর্তি রোগীদের এই সামগ্রীর প্রয়োজন হয় এবং মহাবীর ইন্টারন্যাশনালের এই ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ অসহায় রোগীদের বাস্তব জীবনে অনেকটাই সহায়তা করে।

একই দিনে দুপুরে হাইলাকান্দি শহরের নেতাজি পয়েন্ট এলাকায় সংগঠনের পক্ষ থেকে আরেকটি বিশেষ কর্মসূচি পালিত হয়। সেখানে শতাধিক গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

সংগঠনের এই হৃদয়গ্রাহী মানবিক উদ্যোগকে এলাকার স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার আহ্বান জানান। সংগঠনের সদস্যরাও জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলতে থাকবে।

 

——– অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ

Exit mobile version